কুরআন পড়ায় যান
Souls Talk
ভাষা

পড়ার সেটিংস

অনুবাদ

ভাষা

বাংলা

অনুবাদক

Rowwad Translation Center, Abu Bakr Zakaria

কিছু নির্বাচন না করলে সাইটের ভাষা অনুসরণ করা হয় এবং অনুমোদিত সব অনুবাদক দেখানো হয়।

তিলাওয়াত

মুরাত্তাল ধীরস্থির ও সমান গতির; মুজাওয়াদ আরও ধীর ও অলংকৃত। একটি অন্যটির উন্নত রেকর্ডিং নয় — দুটি আলাদা তিলাওয়াত।

উচ্চারণ

উচ্চারণ পড়ার সহায়ক মাত্র, তিলাওয়াতের নির্দেশিকা নয়। আরবি ছাড়া অন্য কোনো বর্ণমালা কুরআনের উচ্চারণ হুবহু তুলে ধরতে পারে না, তাই এটি দেখে তিলাওয়াত শুদ্ধ হবে না। যোগ্য শিক্ষকের কাছে ও তিলাওয়াত শুনে শিখুন।

৭৪. Al-Muddaththir সব সূরা দেখুন

المدثر

সূরা আল-মুদ্দাসসির

নামের অর্থ: বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি

মক্কী আয়াত ৫৬

আরবি ও একটি প্রতিষ্ঠিত অনুবাদ

আগের ও পরের আয়াত পড়লে অর্থ আরও স্পষ্ট হতে পারে।

এই সূরা শুনুন Mahmoud Khalil Al-Husary · Murattal

Recitation by Mahmoud Khalil Al-Husary.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।

  1. يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ

    হে বস্ত্রাচ্ছাদিত (নবী)!

    Bengali Translation - Rowwad Translation Center

    হে বস্ত্ৰাচ্ছাদিত! [১]

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] সূরা আল-মুদ্দাস্সির সম্পূর্ণ প্রাথমিক যুগে অবতীর্ণ সূরাসমূহের অন্যতম। এ কারণেই কেউ কেউ একে সর্বপ্রথম অবতীর্ণ সুরাও বলেছেন। কিন্তু সহীহ বৰ্ণনা অনুযায়ী সর্বপ্রথম সূরা আল-আলাকের প্রাথমিক আয়াতগুলো অবতীর্ণ হয়। [ইবন কাসীর] ________________________________________ সূরা সংক্রান্ত আলোচনা: আয়াত সংখ্যা: ৫৬ আয়াত। নাযিল হওয়ার স্থান: মক্কী। রহমান, রহীম আল্লাহর নামে [১] হাদীসে এসেছে, সর্ব প্রথম হেরা গিরি গুহায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফেরেশতা জিবরীইল আগমন করে ইকরা সূরার প্রাথমিক আয়াতসমূহ পাঠ করে শোনান। ফেরেশতার এই অবতরণ ও ওহীর তীব্ৰতা প্ৰথম পর্যায়ে ছিল। ফলে এর স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু ‘আনহার নিকট গমন করলেন এবং তার কাছে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। এরপর বেশ কিছুদিন পর্যন্ত ওহীর আগমন বন্ধ থাকে। বিরতির এই সময়কালকে “ফ্যাতরাতুল ওহী” বলা হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীসে এই সময়কালের উল্লেখ করে বলেন, একদিন আমি পথ চলা অবস্থায় হঠাৎ একটি আওয়াজ শুনে আকাশের দিকে তাকিয়ে দেখি, হেরা গিরিগুহার সেই ফেরেশতা আকাশ ও পৃথিবীর মাঝখানে এক জায়গায় একটি ঝুলন্ত চেয়ারে উপবিষ্ট রয়েছেন। তাকে এই আকৃতিতে দেখে আমি প্রথম সাক্ষাতের ন্যায় আবার ভীত ও আতংকিত হয়ে পড়লাম। আমি গৃহে ফিরে এলাম এবং গৃহের লোকজনকে বললাম, আমাকে বস্ত্ৰাবৃত করে দাও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত নাযিল হল। [বুখারী ৪, মুসলিম ১৬১]

  2. قُمْ فَأَنذِرْ

    ওঠ, এবং (মানুষকে) আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করো।

    Bengali Translation - Rowwad Translation Center

    উঠুন, অতঃপর সতর্ক করুন [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এখানে সর্বপ্রথম নির্দেশ হচ্ছে, قُم অর্থাৎ উঠুন। এর আক্ষরিক অর্থ ‘দাঁড়ান’ও হতে পারে। অর্থাৎ আপনি বস্ত্ৰাচ্ছাদন পরিত্যাগ করে দন্ডায়মান হোন। এখানে কাজের জন্যে প্রস্তুত হওয়ার অর্থ নেয়াও অবান্তর নয়। উদ্দেশ্য এই যে, এখন আপনি সাহস করে জনশুদ্ধির দায়িত্ব পালনে সচেষ্ট হন। أنذر শব্দটি إنذار থেকে উদ্ভুত অর্থ সতর্ক করা। এখানে মক্কার কাফেরদেরকে সতর্ক করতে বলা হয়েছে। [ফাতহুল কাদীর]

  3. وَرَبَّكَ فَكَبِّرْ

    আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  4. وَثِيَابَكَ فَطَهِّرْ

    আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র করো।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আপনার পরিচ্ছদ পবিত্ৰ করুন [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এখানে বর্ণিত ثياب শব্দটি ثوب এর বহুবচন। এর আসল ও আক্ষরিক অর্থ কাপড়। কখনও কখনও অন্তর, মন, চরিত্র ও কর্মকেও বলা হয়। এটি একটি ব্যাপক অৰ্থবোধক কথা। এর একটি অর্থ হল, আপনি আপনার পোশাক-পরিচ্ছদ নাপাক বস্তু থেকে পবিত্র রাখুন। কারণ, শরীর ও পোশাক-পরিচ্ছদের পবিত্রতা এবং ‘রূহ’ বা আত্মার পবিত্ৰতা ওতপ্রোতভাবে জড়িত। [সা‘দী] একথাটির আরেকটি অর্থ হলো, নিজের পোশাক পরিচ্ছদ নৈতিক দোষ-ত্রুটি থেকে পবিত্র রাখুন। নিজেকে পবিত্র রাখুন। অন্য কথায় এর অর্থ হলো নৈতিক দোষ-ত্রুটি থেকে পবিত্র থাকা এবং উত্তম নৈতিক চরিত্রের অধিকারী হওয়া। অর্থাৎ নিজের নৈতিক চরিত্রকে পবিত্র রাখুন এবং সব রকমের দোষ-ত্রুটি থেকে দূরে থাকুন। [কুরতুবী] সুতরাং নির্দেশের অর্থ হবে এই যে, আপন পোশাক ও দেহকে বাহ্যিক অপবিত্ৰতা থেকে পবিত্র রাখুন এবং অন্তর ও মনকে ভ্রান্ত বিশ্বাস ও চিন্তাধারা থেকে এবং কুচরিত্র থেকে মুক্ত রাখুন। আল্লাহ তা‘আলা পবিত্রতা পছন্দ করেন। এক আয়াতে আছে, اِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ [সূরা আল-বাকারাহ ২২২] তাছাড়া হাদীসে ‘বিত্রতাকে ঈমানের অর্ধাংশ’ [মুসলিম ২২৩] বলা হয়েছে। তাই মুসলিমকে সর্বাবস্থায় শরীর, স্থান ও পোশাককে বাহ্যিক নাপাকী থেকে এবং অন্তরকে আভ্যন্তরীণ অশুচি, যেমন লোক-দেখানো, অহংকার ইত্যাদি থেকে পবিত্র রাখার প্রতি সচেষ্ট হতে হবে। [সা‘দী]

  5. وَٱلرُّجْزَ فَٱهْجُرْ

    আর অপবিত্রতা (শিরক) বর্জন করো।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর শির্ক পরিহার করে চলুন [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] আয়াতে উল্লেখিত الرجز শব্দের এক অর্থ, শাস্তি। অর্থাৎ শাস্তিযোগ্য কাজ। [ফাতহুল কাদীর] এখানে এর অর্থ হতে পারে, পৌত্তলিকতা ও প্রতিমা পূজা। তাছাড়া সাধারণভাবে সকল গোনাহ ও অপরাধ বোঝানোর জন্যও শব্দটি ব্যবহৃত হতে পারে। তাই আয়াতের অর্থ এই যে, প্রতিমা পূজা, শাস্তিযোগ্য কর্মকাণ্ড অথবা গোনাহ্ পরিত্যাগ করুন। সকল প্রকার ছোট ও বড় অন্যায় ও গুনাহের কাজ পরিত্যাগ করুন। [সা’দী]

  6. وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ

    আর অধিক নেক আমল দ্বারা স্বীয় রবের ওপর অনুগ্রহ প্রদর্শন করো না।(১)

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (১) · Bengali Translation - Rowwad Translation Center

    (১) আয়াতের আরেকটি অর্থ হতে পারে: অধিক পাওয়ার আশায় কারো প্রতি ইহসান করো না; বরং নিঃস্বাৰ্থভাবে অন্যের প্রতি ইহসান করো।

    আর বেশী পাওয়ার প্রত্যাশায় দান করবেন না [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এর কয়েকটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো, আপনি যার প্রতিই ইহ্সান বা অনুগ্রহ করবেন, নিঃস্বাৰ্থভাবে করবেন। আপনার অনুগ্রহ ও বদান্যতা এবং দানশীলতা ও উত্তম আচরণ হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইহ্সান বা মহানুভবতার বিনিময়ে কোনো প্রকার পার্থিব স্বাৰ্থ লাভের বিন্দুমাত্ৰ আকাঙ্খাও করবেন না; বেশি পাওয়ার আশায়ও ইহ্সান করবেন না। দ্বিতীয় অর্থ হলো, নবুওয়াতের যে দায়িত্ব আপনি পালন করছেন এবং এর বিনিময়ে কোনো প্রকার ব্যক্তি স্বাৰ্থ উদ্ধার করবেন না; যদিও অনেক বড় ও মহান একটি কাজ করে চলেছেন কিন্তু নিজের দৃষ্টিতে নিজের কাজকে বড় কাজ বলে কখনো মনে করবেন না এবং কোনো সময় এ চিন্তাও যেন আপনার মনে উদিত না হয় যে, নবুওয়াতের দায়িত্ব পালন করে আর এ কাজে প্রাণপণ চেষ্টা-সাধনা করে আপনি আপনার রবের প্রতি কোনো অনুগ্রহ করছেন। [দেখুন, কুরতুবী]

  7. وَلِرَبِّكَ فَٱصْبِرْ

    আর(২) তোমার রবের উদ্দেশ্যে ধৈর্যধারণ করো।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (২) · Bengali Translation - Rowwad Translation Center

    (২) নিজের ওপর পতিত কষ্টের জন্যে।

    আর আপনার রবের জন্যেই ধৈর্য ধারণ করুন।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  8. فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ

    অতঃপর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে [১]

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] ناقور শব্দের অর্থ শিংগা এবং نُقِرَ বলে শিংগায় ফুঁ দিয়ে আওয়াজ বের করা বোঝানো হয়েছে। এখানে শিঙ্গার দ্বিতীয় ফুঁ তথা কবর থেকে উঠে হাশরের ময়দানে জড়ো হওয়ার জন্য যে ফুঁক দেয়া হবে তা উদ্দেশ্য। [বাগভী, সা‘দী]

  9. فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ

    আর সেদিন হবে কঠিন সংকটের দিন।

    Bengali Translation - Rowwad Translation Center

    সেদিন হবে এক সংকটের দিন-

    Bengali Translation - Abu Bakr Zakaria

  10. عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ

    যা কাফিরদের জন্য সহজ নয়।

    Bengali Translation - Rowwad Translation Center

    যা কাফিরদের জন্য সহজ নয় [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এ বাক্যটি থেকে স্বতঃই প্রতিভাত হয় যে, সেদিনটি ঈমানদারদের জন্য হবে খুবই সহজ এবং এর সবটুকু কঠোরতা সত্যকে অমান্যকারীদের জন্য নির্দিষ্ট হবে। [সা‘দী]

  11. ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا

    (হে রাসূল!) আমাকে এবং যাকে আমি একাকী (নিঃসম্বল অবস্থায়) সৃষ্টি করেছি, তাকে আমার ওপর ছেড়ে দাও।(৩)

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (৩) · Bengali Translation - Rowwad Translation Center

    (৩) তার নাম ওয়ালীদ ইবনুল মুগীরা।

    ছেড়ে দিন আমাকে ও যাকে আমি সৃষ্টি করেছি একাকী [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] একথাটির দু‘টি অর্থ হতে পারে এবং দু‘টি অর্থই সঠিক। এক. আমি যখন তাকে সৃষ্টি করেছিলাম সে সময় সে কোনো প্রকার ধন-সম্পদ, সন্তান-সন্ততি এবং মর্যাদা ও নেতৃত্বের অধিকারী ছিল না, সে একা ছিল। আমি তাকে সেসব দান করেছি। দুই. একমাত্র আমিই তার সৃষ্টিকর্তা। অন্য যেসব উপাস্যের প্রভুত্ব কায়েম রাখার জন্য সে আপনার দেয়া তাওহীদের দাওয়াতের বিরোধিতায় এত তৎপর, তাদের কেউই তাকে সৃষ্টি করার ব্যাপারে আমার সাথে শরীক ছিল না। [কুরতুবী]

  12. وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا

    আর আমি তাকে দিয়েছি অঢেল ধন-সম্পদ,

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আমি তাকে দিয়েছি বিপুল ধন- সম্পদ [১]

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] কেয়ামত দিবস সকল কাফেরের জন্যেই কঠিন হবে- একথা বর্ণনা করার পর জনৈক দুষ্টমতি কাফেরের অবস্থা ও তার কঠোর শাস্তি বর্ণিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় এসেছে যে, তার নাম ওলীদ ইবন মুগীরা। তার দশ বারটি পুত্ৰ সন্তান ছিল। তাদের মধ্যে খালেদ ইবন ওয়ালীদ ইতিহাসে অনেক বেশী প্রসিদ্ধি লাভ করেছিলেন। আল্লাহ্ তা'আলা তাকে ধনৈশ্বর্য ও সন্তান-সন্তুতির প্রাচুর্য দান করেছিলেন। [ইবন কাসীর] ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমার ভাষায়, তার ফসলের ক্ষেত ও বাগ-বাগিচা মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি তার ক্ষেতের ফসল ও বাগানের আমদানী সারা বছর তথা শীত ও গ্ৰীষ্ম সব ঋতুতে অব্যাহত থাকত। তাকে আরবের সরদার গণ্য করা হত। জনসাধারণের মধ্যে তার বিশেষ বিশেষ উপাধি ছিল। সে গর্ব ও অহংকারবশতঃ নিজেকে ওহীদ ইবনুল ওহীদ অর্থাৎ এককের পুত্র একক বলত। তার দাবী ছিল এই যে, সম্প্রদায়ের মধ্যে সেও তার পিতা মুগীরা অদ্বিতীয়। [কুরতুবী, বাগভী]

  13. وَبَنِينَ شُهُودًا

    আর (তার আচার-অনুষ্ঠানে) উপস্থিত পুত্রগণ।

    Bengali Translation - Rowwad Translation Center

    এবং নিত্যসঙ্গী পুত্ৰগণ [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এসব পুত্ৰ সন্তানদের জন্য شهود শব্দ ব্যবহার করা হয়েছে। এর কয়েকটি অর্থ হতে পারে। এক. রুযী রোজগারের জন্য তাদের দৌড় ঝাপ করতে বা সর্বক্ষণ ব্যস্ত থাকতে কিংবা বিদেশ যাত্রা করতে হয় না। তাদের বাড়ীতে এত খাদ্য মজুদ আছে যে, তারা সর্বক্ষণ বাপের কাছে উপস্থিত থাকে বরং তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। [ইবন কাসীর] দুই. তার সবগুলো সস্তানই নামকরা এবং প্রভাবশালী, তারা বাপের সাথে দরবার ও সভা-সমিতিতে উপস্থিত থাকে। [কুরতুবী]

  14. وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا

    আর তার জন্য (জীবনের) সবকিছু সুপ্রস্তুত ও সহজ করে দিয়েছি।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর তাকে দিয়েছি স্বাচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ-

    Bengali Translation - Abu Bakr Zakaria

  15. ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ

    এরপরও সে লোভ করে যে, আমি তাকে আরও বেশি দান করি।

    Bengali Translation - Rowwad Translation Center

    এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও বেশী দেই [১]!

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] একথার একটি অর্থ হলো, এসব সত্ত্বেও তার লালসা ও আকাঙ্খার শেষ নেই। এত কিছু লাভ করার পরও সে সর্বক্ষণ এ চিন্তায় বিভোর যে, দুনিয়ার সব নিয়ামত ও ভোগের উপকরণ সে কিভাবে লাভ করতে পারবে। দুই. হাসান বাসরী ও আরো কয়েকজন মনীষী বর্ণনা করেছেন যে, সে বলত, মুহাম্মাদের একথা যদি সত্য হয়ে থাকে যে, মৃত্যুর পর আরো একটি জীবন আছে এবং সেখানে জান্নাত বলেও কিছু একটা থাকবে তাহলে সে জান্নাত আমার জন্যই তৈরী করা হয়েছে। [ফাতহুল কাদীর]

  16. كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِـَٔايَـٰتِنَا عَنِيدًا

    কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলির ঘোর বিরুদ্ধাচারী।

    Bengali Translation - Rowwad Translation Center

    কখনো নয়, সে তো আমাদের নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  17. سَأُرْهِقُهُۥ صَعُودًا

    আমি অচিরেই তাকে এক কঠিন আরোহনের (কষ্টকর শাস্তির) মুখোমুখি করব।

    Bengali Translation - Rowwad Translation Center

    অচিরেই আমি তাকে চড়ার [১] শাস্তি দিয়ে কষ্ট-ক্লান্ত করব।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] আল্লাহ্ তা‘আলা সে পাপিষ্ঠকে কি শাস্তি দিবেন আয়াতে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে যে, তাকে ক্লান্ত-ক্লিষ্ট করা হবে চড়ার শাস্তি দানের মাধ্যমে। কিন্তু কোথায় চড়ানো হবে? বিভিন্ন বর্ণনায় এসেছে, তাকে আগুনের পাহাড়ে চড়তে বাধ্য করা হবে, তারপর সেখান থেকে নীচের দিকে নিক্ষিপ্ত হতে থাকবে। কোনো কোনো বর্ণনায় এসেছে, তাকে পিচ্ছিল এক পাহাড়ে চড়তে বাধ্য করা হবে। কোনো কোনো বর্ণনায় এসেছে যে, সে পাহাড়টিতে হাত রাখা মাত্রই তা গলতে আরম্ভ করবে, এভাবে প্রতি পদে পদে পা ডুবে যাবে। মূলতঃ শান্তিবিহীন অতি কষ্টের শাস্তি তাকে দেওয়া হবে। [ইবন কাসীর; কুরতুবী]

  18. إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

    নিশ্চয় সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো।

    Bengali Translation - Rowwad Translation Center

    সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  19. فَقُتِلَ كَيْفَ قَدَّرَ

    অতঃপর সে ধ্বংস হোক! কীভাবে সে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো?

    Bengali Translation - Rowwad Translation Center

    সুতরাং ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্ৰহণ করল !

    Bengali Translation - Abu Bakr Zakaria

  20. ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ

    তারপর সে ধ্বংস হোক! কীভাবে সে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো?

    Bengali Translation - Rowwad Translation Center

    তারপরও ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হল !

    Bengali Translation - Abu Bakr Zakaria

  21. ثُمَّ نَظَرَ

    অতঃপর সে (কী বলবে তা ভেবে) তাকাল।

    Bengali Translation - Rowwad Translation Center

    তারপর সে তাকাল।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  22. ثُمَّ عَبَسَ وَبَسَرَ

    তারপর সে (৪) ভ্রূ-কুঞ্চিত করলো এবং মুখ বিকৃত করলো।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (৪) · Bengali Translation - Rowwad Translation Center

    (৪) আল-কুরআনের ব্যাপারে কটূক্তি করার কিছু না পেয়ে।

    তারপর সে ভ্ৰকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  23. ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ

    তারপর সে পিছনে ফিরলো এবং অহংকার করলো।

    Bengali Translation - Rowwad Translation Center

    তারপর সে পিছন ফিরল এবং অহংকার করল।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  24. فَقَالَ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ

    অতঃপর সে বলল, ‘এ তো কেবল এক যাদু, যা (পূর্ববর্তীদের কাছ থেকে) বর্ণিত হয়ে আসছে।’

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় [১] ,

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] উদ্দেশ্য এই যে, এই হতভাগা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়ত অস্বীকার করার জন্য অনেক চিন্তা-ভাবনার পর প্রস্তাব করল, তাকে জাদুকর বলা হোক। এই ঘৃণ্য প্রস্তাবের কারণেই আল্লাহ্ তা‘আলা কুরআনে তার প্রতি বার বার অভিসম্পাত করেছেন। [ইবন কাসীর]

  25. إِنْ هَـٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ

    ‘এটা তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়।’

    Bengali Translation - Rowwad Translation Center

    এ তো মানুষেরই কথা।’

    Bengali Translation - Abu Bakr Zakaria

  26. سَأُصْلِيهِ سَقَرَ

    অচিরেই আমি তাকে ‘সাকার’-এ (জাহান্নামে) প্রবেশ করাব।

    Bengali Translation - Rowwad Translation Center

    অচিরেই আমি তাকে দগ্ধ করব ‘সাকার’ এ

    Bengali Translation - Abu Bakr Zakaria

  27. وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ

    আর (হে রাসূল!) কীসে তোমাকে জানাবে, ‘সাকার’ (জাহান্নাম) কী?

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আপনাকে কিসে জানাবে ‘সাকার’ কী?

    Bengali Translation - Abu Bakr Zakaria

  28. لَا تُبْقِى وَلَا تَذَرُ

    এটা (শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অঙ্গ) অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না।

    Bengali Translation - Rowwad Translation Center

    এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এর দু‘টি অর্থ হতে পারে। একটি অর্থ হলো, যাকেই এর মধ্যে নিক্ষেপ করা হবে। তাকেই সে জ্বলিয়ে ছাই করে দেবে। কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়েও সে রক্ষা পাবে না। বরং আবার তাকে জীবিত করা হবে এবং আবার জ্বালানো হবে। [ইবন কাসীর] আরেক জায়গায় বলা হয়েছে: “সেখানে সে মরে নিঃশেষ হয়েও যাবে না আবার বেঁচেও থাকবে না।” [সূরা আল-আ‘লা ১৩]

  29. لَوَّاحَةٌ لِّلْبَشَرِ

    সেটা চামড়াকে দগ্ধ করে কালো করে দিবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    এটা তো শরীরের চামড়া পুড়িয়ে কালো করে দেবে,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  30. عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

    তার (সাক্বারের) ওপর (নিয়োজিত) রয়েছে, ঊনিশজন (প্রহরী ফিরিশতা)।

    Bengali Translation - Rowwad Translation Center

    ‘সাকার’-এর তত্ত্বাবধানে রয়েছে ঊনিশজন প্রহরী।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  31. وَمَا جَعَلْنَآ أَصْحَـٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَـٰنًا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَـٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ

    আর আমি জাহান্নামের প্রহরী হিসেবে ফেরেশতাদেরই নিযুক্ত করেছি। আর তাদের (প্রহরীদের) সংখ্যা আমি কেবল কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ নির্ধারণ করেছি, যাতে আহলে কিতাবরা নিশ্চিত বিশ্বাস লাভ করে, মুমিনদের ঈমান আরও বৃদ্ধি পায়, আহলে কিতাব ও মুমিনরা কোনো সন্দেহে না থাকে, আর যাদের অন্তরে রোগ রয়েছে এবং কাফিররা বলতে থাকে, ‘আল্লাহ এ উদাহরণ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?’ এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না। আর এটি তো মানুষের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আমরা তো জাহান্নামের প্রহরী কেবল ফেরেশতাদেরকেই করেছি [১]; কাফিরদের পরীক্ষাস্বরূপই আমরা তাদের এ সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবপ্রাপ্তদের দৃঢ় প্রত্যয় জন্মে, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান বেড়ে যায়। আর কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলে, আল্লাহ্ এ (সংখ্যার) উপমা [২] (উল্লেখ করা) দ্বারা কি ইচ্ছা করেছেন?’ এভাবে আল্লাহ্ যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছে হেদায়াত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। আর জাহান্নামের এ বর্ণনা তো মানুষের জন্য এক উপদেশ মাত্র।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] [২] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এখান থেকে “আপনার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন” পর্যন্ত বাক্যগুলোতে একটি ভিন্ন প্ৰসংগ আলোচিত হয়েছে। “জাহান্নামের কর্মচারীর সংখ্যা শুধু উনিশ জন হবে” একথা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে শুনে যারা সমালোচনামুখর হয়ে উঠেছিল এবং কথাটা নিয়ে হাসি-ঠাট্টা করতে শুরু করেছিল, তাই প্রাসঙ্গিক বক্তব্যের মাঝখানে বক্তব্যের ধারাবাহিকতায় ছেদ টেনে তাদের কথার জবাব দেয়া হয়েছে। অর্থাৎ মানুষের দৈহিক শক্তির সাথে তুলনা করে তাদের শক্তি সম্পর্কে অনুমান করা তোমাদের বোকামী ও নিৰ্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। তারা মানুষ নয়, বরং ফেরেশতা। তোমাদের পক্ষে অনুমান করাও সম্ভব নয় যে, কি সাঙ্ঘাতিক শক্তিধর ফেরেশতা আল্লাহ্ তা'আলা সৃষ্টি করেছেন। [দেখুন, ইবন কাসীর] [২] ‘উপমা’ বলে এখানে আল্লাহ্ তা‘আলা যে উনিশ সংখ্যক প্রহরীর কথা বলেছেন সে কথাটিই উদ্দেশ্য। তারা বলছিল, এ সংখ্যা উল্লেখ করার কী হেকমত ছিল? [ইবন কাসীর, কুরতুবী]

  32. كَلَّا وَٱلْقَمَرِ

    কখনোই নয়, চাঁদের শপথ!

    Bengali Translation - Rowwad Translation Center

    কখনোই না [১], চাঁদের শপথ,

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ এটা কোনো ভিত্তিহীন কথা নয় যে, তা নিয়ে এভাবে হাসি তামাসা বা ঠাট্টা-বিদ্রুপ করা যাবে। [দেখুন, তাবারী]

  33. وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ

    রাতের শপথ, যখন তা বিদায় নেয়,

    Bengali Translation - Rowwad Translation Center

    শপথ রাতের, যখন তার অবসান ঘটে,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  34. وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ

    প্রভাতের শপথ, যখন তা আলো ছড়ায়,

    Bengali Translation - Rowwad Translation Center

    শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয় -

    Bengali Translation - Abu Bakr Zakaria

  35. إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ

    নিশ্চয় জাহান্নামের আগুন মহাবিপদসমূহের অন্যতম।

    Bengali Translation - Rowwad Translation Center

    নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  36. نَذِيرًا لِّلْبَشَرِ

    মানুষের জন্য (তা হবে) ভয়-ভীতি প্রদর্শনকারী,

    Bengali Translation - Rowwad Translation Center

    মানুষের জন্য সতর্ককারীস্বরূপ-

    Bengali Translation - Abu Bakr Zakaria

  37. لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ

    তোমাদের মধ্যে যে (ঈমান ও নেক আমলের মাধ্যমে) সামনের দিকে অগ্রসর হতে চায় অথবা (কুফরী ও পাপাচারের মাধ্যমে) পিছিয়ে থাকতে চায় , তার জন্য।

    Bengali Translation - Rowwad Translation Center

    তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্য [১] ।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এখানে অগ্ৰে যাওয়ার অর্থ ঈমান ও আনুগত্যের দিকে অগ্রণী হওয়া। আর পশ্চাতে থাকার অর্থ ঈমান ও আনুগত্য থেকে পশ্চাতে থাকা। উদ্দেশ্য এই যে, জাহান্নামের শাস্তি থেকে সতর্ক করা সব মানুষের জন্যে ব্যাপক। অতঃপর এই সতর্কবাণী শুনে কেউ ঈমান ও আনুগত্যের প্রতি অগ্রণী হয় এবং কোনো কোনো হতভাগা এরপরও পশ্চাতে থেকে যায়। [সা‘দী]

  38. كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

    বস্তুত, প্রত্যেক ব্যক্তি নিজ আমলের কাছেই দায়বদ্ধ।

    Bengali Translation - Rowwad Translation Center

    প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] رَهِيْنَةٌ এর অর্থ এখানে প্রত্যেকের আটক ও বন্দী হওয়া। ঋণের পরিবর্তে বন্ধকী দ্রব্য যেমন মহাজনের হাতে আটক থাকে-মালিক তাকে কোনো কাজে লাগাতে পারে না, তেমনি কেয়ামতের দিন প্রত্যেকেই তার গোনাহের বিনিময়ে আটক ও বন্দী থাকবে। কিন্তু, আসহাবুল-ইয়ামীন তথা ডানদিকের সৎলোকগণ এ থেকে মুক্ত থাকবে। [দেখুন, ফাতহুল কাদীর]

  39. إِلَّآ أَصْحَـٰبَ ٱلْيَمِينِ

    কিন্তু ডান দিকের (মু’মিন) লোকেরা নয়,

    Bengali Translation - Rowwad Translation Center

    তবে ডানপন্থীরা নয়,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  40. فِى جَنَّـٰتٍ يَتَسَآءَلُونَ

    তারা থাকবে জান্নাতসমূহে। সেখানে তারা একে অপরকে জিজ্ঞেস করবে,

    Bengali Translation - Rowwad Translation Center

    বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞেস করবে –

    Bengali Translation - Abu Bakr Zakaria

  41. عَنِ ٱلْمُجْرِمِينَ

    অপরাধীদের সম্পর্কে,

    Bengali Translation - Rowwad Translation Center

    অপরাধীদের সম্পর্কে,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  42. مَا سَلَكَكُمْ فِى سَقَرَ

    কিসে তোমাদেরকে ‘সাকার’-এ (জাহান্নামে) প্রবেশ করালো?

    Bengali Translation - Rowwad Translation Center

    ‘তোমাদেরকে কিসে ‘সাকার’- এ নিক্ষেপ করেছে?’

    Bengali Translation - Abu Bakr Zakaria

  43. قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ

    তারা বলবে: ‘(দুনিয়ার জীবনে) আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।’

    Bengali Translation - Rowwad Translation Center

    তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এর অর্থ হলো, যেসব মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে সালাত ঠিকমত আদায় করেছে আমরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। [কুরতুবী]

  44. وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ

    ‘আর আমরা অভাবগ্রস্তকে খাবার দিতাম না।’

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আমরা অভাবগ্ৰস্তকে খাদ্য দান করতাম না [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এ থেকে জানা যায় কোনো অভাবী মানুষকে সামর্থ থাকা সত্ত্বেও খাবার না দেয়া বা সাহায্য না করা মানুষের দোযখ যাওয়ার কারণসমূহের মধ্যে একটা কারণ। [দেখুন, ফাতহুল কাদীর, কুরতুবী]

  45. وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ

    ‘আর আমরা (সত্যের বিরুদ্ধে) অনর্থক আলাপকারীদের সাথে মগ্ন থাকতাম।’

    Bengali Translation - Rowwad Translation Center

    এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  46. وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ

    ‘আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম।’

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আমরা প্রতিদান দিবসে মিথ্যারোপ করতাম,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  47. حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ

    ‘অবশেষে (এ অবস্থায়ই) আমাদের কাছে মৃত্যু আগমন করলো।’

    Bengali Translation - Rowwad Translation Center

    অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে [১]।’

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা এ নীতি ও কর্মপন্থা অনুসরণ করেছি। শেষ পর্যন্ত নিশ্চিত বিষয় তথা মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়েছে; তখন আমাদের সব আশা-কৌশলের সমাপ্তি হয়। [সা‘দী]

  48. فَمَا تَنفَعُهُمْ شَفَـٰعَةُ ٱلشَّـٰفِعِينَ

    ফলে (কিয়ামত দিবসে) সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।

    Bengali Translation - Rowwad Translation Center

    ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] (১) (২) (৩) (৪) · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এখানে هُم সর্বনাম দ্বারা সেসব অপরাধীকে বোঝানো হয়েছে, পূর্বের আয়াতে যারা তাদের চারটি অপরাধ স্বীকার করেছে- (১) তারা সালাত আদায় করত না, (২) তারা কোন অভাবগ্ৰস্ত ফকীরকে আহার্য দিত না; অর্থাৎ দরিদ্রদের প্রয়োজনে ব্যয় করত না, (৩) ভ্ৰান্ত লোকেরা ইসলাম ও ঈমানের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলত অথবা গোনাহ ও অশ্লীল কাজে লিপ্ত হত, তারাও তাদের সাথে তাতে লিপ্ত হত এবং সম্পর্কহীনতা প্রকাশ করত না, (৪) তারা কেয়ামত অস্বীকার করত। এর দ্বারা প্রমাণিত হল যে, যেসব অপরাধী এসব গোনাহ করে এবং কেয়ামত অস্বীকার করার মত কুফরী করে, তাদের জন্যে কারও সুপারিশ উপকারী হবে না। কেননা তারা কাফের। কাফেরদের জন্যে সুপারিশ করার অনুমতি কাউকে দেয়া হবে না। কেউ করলে গ্রহণীয় হবে না। [দেখুন, ইবন কাসীর; বাগভী; বাদা’ই‘উত তাফসীর] কুরআনের অন্যান্য আয়াত ও অনেক সহীহ্ হাদীসে প্রমাণিত আছে যে, নবী-রাসূলগণ, শহীদগণ এবং সৎকর্মপরায়ণগণ-এমন কি সাধারণ মুমিনগণও আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্ৰাপ্তির পর অন্যান্য মুমিনদের জন্যে সুপারিশ করবেন এবং তা কবুলও হবে। তবে কাফের মুশরিকদের কারও জন্য কোনো সুপারিশ কাজে আসবে না।

  49. فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ

    অতঃপর তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী আল-কুরআন হতে বিমুখ রয়েছে?

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর তাদের কী হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে?

    Bengali Translation - Abu Bakr Zakaria

  50. كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ

    তারা (আল-কুরআন থেকে পলায়নে) যেন ভীত-সন্ত্রস্ত পলায়নকারী বন্য গাধা।

    Bengali Translation - Rowwad Translation Center

    তারা যেন ভীত-ত্ৰস্ত হয়ে পলায়নরত একপাল গাধা-

    Bengali Translation - Abu Bakr Zakaria

  51. فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ

    যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।

    Bengali Translation - Rowwad Translation Center

    যারা সিংহের ভয়ে পলায়ন করেছে [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] حُمُرٌ مُّسْتَنْفِرَةٌ অর্থ বন্য গাধা। আর قسورة এর অর্থ সিংহ বা তীরান্দাজ শিকারী। এ স্থলে উভয় অর্থ বর্ণিত আছে। [ফাতহুল কাদীর]

  52. بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً

    বরং তাদের মধ্যকার প্রত্যেক (মুশরিক) ব্যক্তিই কামনা করে যে, তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক।(৫)

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (৫) · Bengali Translation - Rowwad Translation Center

    (৫) অর্থাৎ তাদের প্রত্যেকের মাথার নিকট এমন একটি খোলা চিরকুট থাকবে, যাতে এ সংবাদ পরিবেশন করা হবে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল।

    বরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উন্মুক্ত গ্ৰন্থ দেয়া হোক [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ তারা চায় যে, আল্লাহ্ তা‘আলা যদি সত্যি সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে পাঠিয়ে থাকেন তাহলে তিনি মক্কার প্রত্যেক নেতা ও সমাজপতিদের কাছে যেন একখানা করে পত্র লিখে পাঠান যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্যিই আমার নবী, তোমরা তাঁর আনুগত্য করো। [ফাতহুল কাদীর] কুরআন মজীদের অন্য এক জায়গায় মক্কার কাফেরদের এ উক্তিরও উল্লেখ করা হয়েছে যে, “আল্লাহর রাসূলদের যা দেয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তা আমাদের দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মেনে নেব না।” [সূরা আল-আন‘আম ২৪] অন্য এক জায়গায় তাদের এ দাবীও উদ্ধৃত করা হয়েছে যে, “আপনি আমাদের চোখের সামনে আসমানে উঠে যান এবং সেখান থেকে লিখিত কিতাব নিয়ে আসেন, আমরা তা পড়ে দেখবো।” [সূরা আল-ইসরা ৯৩]

  53. كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ

    কখনও নয়! বরং তারা আখিরাতকে ভয় করে না।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (১) · Bengali Translation - Rowwad Translation Center

    (১) অর্থাৎ তাদের এ ধরনের কোনো দাবী কখনোই পূরণ করা হবে না।

    কখনো নয় [১]; বরং তারা আখেরাতকে ভয় করে না [২]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] [২] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ তাদের এ ধরনের কোনো দাবী কক্ষনো পূরণ করা হবে না। [কুরতুবী] [২] অর্থাৎ এদের ঈমান না আনার আসল কারণ এটা নয় যে, তাদের এ দাবী পূরণ করা হচ্ছে না। বরং এর আসল কারণ হলো এরা আখেরাতের ব্যাপারে বেপরোয়া ও নির্ভীক। [ফাতহুল কাদীর] এরা এ পৃথিবীকেই পরম পাওয়া মনে করে নিয়েছে। [কুরতুবী]

  54. كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ

    কখনো নয়! নিশ্চয় এ (আল-কুরআন) এক উপদেশবাণী।

    Bengali Translation - Rowwad Translation Center

    নিশ্চয় এ কুরআন তো সকলের জন্য উপদেশবাণী [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এখানে تذكرة তথা ‘উপদেশ’ বলে কুরআন মজীদ বোঝানো হয়েছে। কেননা এর শাব্দিক অর্থ স্মারক। [ইবন কাসীর]

  55. فَمَن شَآءَ ذَكَرَهُۥ

    অতএব যার ইচ্ছা সে তা (আল-কুরআন) থেকে উপদেশ গ্রহণ করুক।

    Bengali Translation - Rowwad Translation Center

    অতএব যার ইচ্ছে সে তা থেকে উপদেশ গ্ৰহণ করুক।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  56. وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ

    আর আল্লাহ ইচ্ছা না করলে তারা (এ আল-কুরআন থেকে) উপদেশ গ্রহণ করবে না। তিনিই একমাত্র সেই সত্তা, যাঁকে ভয় করা উচিত এবং তিনিই ক্ষমা করার অধিকারী।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ উপদেশ গ্ৰহণ করতে পারে না; তিনিই যোগ্য যে, একমাত্র তাঁরই তাকওয়া অবলম্বন করা হবে, আর তিনিই ক্ষমা করার অধিকারী [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] আল্লাহ্ তা‘আলা اهْلُ التَّقُوٰى এই অর্থে যে, একমাত্র তারই তাকওয়া অবলম্বন করা যায়। তিনি ব্যতীত আর কারও তাকওয়া অবলম্বন করতে বলা যায় না। একমাত্র তাঁকেই ভয় করা এবং তাঁর নাফরমানী থেকেই বেঁচে থাকা জরুরী। আর وَاَهْلُ الْمَغْفِرَةِ হওয়ার উদ্দেশ্য এই যে, তিনিই অপরাধী গোনাহ্গারের অপরাধ ও গোনাহ্ যখন ইচ্ছা ক্ষমা করে দেন। অন্য কেউ এরূপ উচ্চমনা হতে পারে না। [দেখুন, ইবন কাসীর]