কুরআন পড়ায় যান
Souls Talk
ভাষা

পড়ার সেটিংস

অনুবাদ

ভাষা

বাংলা

অনুবাদক

Rowwad Translation Center, Abu Bakr Zakaria

কিছু নির্বাচন না করলে সাইটের ভাষা অনুসরণ করা হয় এবং অনুমোদিত সব অনুবাদক দেখানো হয়।

তিলাওয়াত

মুরাত্তাল ধীরস্থির ও সমান গতির; মুজাওয়াদ আরও ধীর ও অলংকৃত। একটি অন্যটির উন্নত রেকর্ডিং নয় — দুটি আলাদা তিলাওয়াত।

উচ্চারণ

উচ্চারণ পড়ার সহায়ক মাত্র, তিলাওয়াতের নির্দেশিকা নয়। আরবি ছাড়া অন্য কোনো বর্ণমালা কুরআনের উচ্চারণ হুবহু তুলে ধরতে পারে না, তাই এটি দেখে তিলাওয়াত শুদ্ধ হবে না। যোগ্য শিক্ষকের কাছে ও তিলাওয়াত শুনে শিখুন।

৮০. Abasa সব সূরা দেখুন

عبس

সূরা আবাসা

নামের অর্থ: সে ভ্রূ-কুঞ্চিত করলো

মক্কী আয়াত ৪২

আরবি ও একটি প্রতিষ্ঠিত অনুবাদ

আগের ও পরের আয়াত পড়লে অর্থ আরও স্পষ্ট হতে পারে।

এই সূরা শুনুন Mahmoud Khalil Al-Husary · Murattal

Recitation by Mahmoud Khalil Al-Husary.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।

  1. عَبَسَ وَتَوَلَّىٰٓ

    সে (রাসূল) ভ্রূ-কুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিলো।

    Bengali Translation - Rowwad Translation Center

    তিনি ভ্ৰকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন [১] ,

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    সূরা সম্পর্কিত তথ্য: এ সূরাটি সাহাবী আবদুল্লাহ্ ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু ‘আনহু এর সাথে বিশেষভাবে জড়িত। তাঁর মা উম্মে মাকতুম ছিলেন খাদীজা রাদিয়াল্লাহু ‘আনহার পিতা খুওয়াইলিদের সহোদর বোন। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের শ্যালক। বংশ মর্যাদার দিক দিয়ে সমাজের সাধারণ শ্রেণীভুক্ত নন বরং অভিজাত বংশীয় ছিলেন। আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু অন্ধ হওয়ার কারণে জানতে পারেননি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যের সাথে আলোচনারত আছেন। তিনি মজলিসে প্রবেশ করেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আওয়াজ দিতে শুরু করেন এবং বার বার আওয়াজ দেন। কোনো কোনো বর্ণনায় এসেছে যে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুরআন এর একটি আয়াতের পাঠ জিজ্ঞাসা করেন এবং সাথে সাথে জওয়াব দিতে পীড়াপীড়ি করেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন মক্কার কাফের নেতৃবর্গের সাথে আলোচনায় মশগুল ছিলেন। এই নেতৃবর্গ ছিলেন ওতবা ইবন রবীয়া, আবু জাহল ইবন হিশাম এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতৃব্য আব্বাস। তিনি তখনও মুসলিম হননি। এরূপ ক্ষেত্রে আবদুল্লাহ্ ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু ‘আনহুর এভাবে কথা বলা এবং মামুলী প্রশ্ন নিয়ে তাৎক্ষনিক জওয়াবের জন্য পীড়াপীড়ি করা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিরক্তিকর ঠেকে। এই বিরক্তির প্রধান কারণ ছিল এই যে, আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু পাক্কা মুসলিম ছিলেন এবং সদা সবৰ্দা মজলিসে উপস্থিত থাকতেন। তিনি এই প্রশ্ন অন্য সময়ও রাখতে পারতেন। তাঁর জওয়াব বিলম্বিত করার মধ্যে কোনো ধর্মীয় ক্ষতির আশংকা ছিল না। কিন্তু আল্লাহ্ তা'আলা নবীর এ বিরক্তি প্রকাশ পছন্দ করলেন না। তিনি আয়াত নাযিল করে তার প্রতিকার করেন। [দেখুন, তিরমিয়ী ৩৩২৮, ৩৩৩১, মুয়াত্তা মালেক ১/২০৩] ___________________ [১] عبس শব্দের অর্থ রুষ্টতা অবলম্বন করা এবং চোখে মুখে বিরক্তি প্ৰকাশ করা। تولى শব্দের অর্থ মুখ ফিরিয়ে নেয়া। [জালালাইন|

  2. أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ

    কারণ, তার কাছে অন্ধ লোকটি(১) আগমন করেছে।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (১) · Bengali Translation - Rowwad Translation Center

    (১) আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতূম।

    কারণ তাঁর কাছে অন্ধ লোকটি আসল।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  3. وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে যে, সে (অন্ধ লোকটি) হয়ত পরিশুদ্ধ হত।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর কিসে আপনাকে জানাবে যে, --- সে হয়ত পরিশুদ্ধ হত

    Bengali Translation - Abu Bakr Zakaria

  4. أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ

    অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।

    Bengali Translation - Rowwad Translation Center

    অথবা উপদেশ গ্ৰহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ আপনি কি জানেন এই সাহাবী যা জিজ্ঞেস করেছিল তা তাকে শিক্ষা দিলে সে তা দ্বারা পরিশুদ্ধ হতে পারত কিংবা কমপক্ষে আল্লাহ্ তা‘আলাকে স্মরণ করে উপকার লাভ করতে পারত। [দেখুন, মুয়াসসার; সা‘দী]

  5. أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ

    পক্ষান্তরে যে (ঈমান না এনে) বেপরোয়া হয়েছে,

    Bengali Translation - Rowwad Translation Center

    আর যে পরোয়া করে না

    Bengali Translation - Abu Bakr Zakaria

  6. فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

    তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছো।

    Bengali Translation - Rowwad Translation Center

    আপনি তার প্রতি মনোযোগ দিয়েছেন।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  7. وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

    অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার ওপর কোন দায়-দায়িত্ব বর্তাবে না।

    Bengali Translation - Rowwad Translation Center

    অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দায়িত্ব নেই,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  8. وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ

    পক্ষান্তরে, যে তোমার কাছে (কল্যাণের অনুসন্ধানে) ছুটে আসল,

    Bengali Translation - Rowwad Translation Center

    অপরদিকে যে আপনার কাছে ছুটে এলো,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  9. وَهُوَ يَخْشَىٰ

    এমতাবস্থায় যে, সে (তার রবকে) ভয় করে,

    Bengali Translation - Rowwad Translation Center

    আর সে সশঙ্কচিত্ত,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  10. فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ

    অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।(২)

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (২) · Bengali Translation - Rowwad Translation Center

    (২) অর্থাৎ তুমি তাকে বাদ দিয়ে মুশরিক নেতাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লে।

    আপনি তার থেকে উদাসীন হলেন;

    Bengali Translation - Abu Bakr Zakaria

  11. كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ

    কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।

    Bengali Translation - Rowwad Translation Center

    কখনো নয়, এটা তো উপদেশ বাণী [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ এমনটি কখনো করবেন না। যে সব লোক আল্লাহ্কে ভুলে আছে এবং যারা নিজেদের দুনিয়াবী সহায়-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির অহংকারে মত্ত হয়ে আছে, তাদেরকে অযথা গুরুত্ব দিবেন না। ইসলাম, অহি বা কুরআন এমন কিছু নয় যে, যে ব্যক্তি তার থেকে মুখ ফিরিয়ে থাকে তার সামনে নতজানু হয়ে তা পেশ করতে হবে। বরং সে সত্যের যতটা মুখাপেক্ষী নয় সত্যও তার ততটা মুখাপেক্ষী নয়। বরং তাদেরই ইসলামের মহত্তের সামনে নতজানু হতে হবে। [তাতিম্মাতু আদ্ওয়াউল বায়ান]

  12. فَمَن شَآءَ ذَكَرَهُۥ

    কাজেই আল্লাহকে যে স্মরণ করতে চায়, সে যেন তাকে স্মরণ করে।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (১) · Bengali Translation - Rowwad Translation Center

    (১) এবং এ কুরআন দ্বারা যেন উপদেশ গ্রহণ করে।

    কাজেই যে ইচ্ছে করবে সে এটা স্মরণ রাখবে,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  13. فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ

    এ আল-কুরআন আছে সম্মানিত সহীফাসমূহে।

    Bengali Translation - Rowwad Translation Center

    এটা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে

    Bengali Translation - Abu Bakr Zakaria

  14. مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ

    যা সুউচ্চ স্থানে উত্থিত ও পবিত্রাবস্থায় রয়েছে।

    Bengali Translation - Rowwad Translation Center

    যা উন্নত, পবিত্ৰ [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] مكرمة অর্থ সম্মানিত, মর্যাদাসম্পন্ন। مرفوعة বলে এর মর্যাদা অনেক উচ্চ তা বোঝানো হয়েছে। [ইবন কাসীর] আর مطهرة বলে বোঝানো হয়েছে হাসান বসরীর মতে, যাবতীয় নাপাক থেকে পবিত্র। সুদ্দী বলেন, এর অর্থ কাফেররা এটা পাওয়ার অধিকারী নয়। তাদের হাত থেকে পবিত্র। হাসান থেকে অপর বর্ণনায় বলা হয়েছে, এর অর্থ মুশরিকদের উপর নাযিল হওয়া থেকে পবিত্র। [কুরতুবী] ইবন কাসীর বলেন, এর অর্থ এটি বাড়তি-কমতি ও অপবিত্রতা থেকে পবিত্র ও মুক্ত।

  15. بِأَيْدِى سَفَرَةٍ

    যা রয়েছে (ফিরিশতাদের মধ্যকার) বার্তাবাহকদের হাতে(৩),

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (৩) · Bengali Translation - Rowwad Translation Center

    (৩) অথবা এর অর্থ হচ্ছে, লেখকদের হাতে।

    লেখক বা দূতদের হাতে [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] سفرة শব্দটি سافر এর বহুবচন হতে পারে। তখন অর্থ হবে লিপিকার বা লেখক। আর যদি سفرة শব্দটি سفارة থেকে আসে, তখন এর অর্থ দূতগণ। এই শব্দ দ্বারা ফেরেশতা উদ্দেশ্য হতে পারে, আবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদেরও উদ্দেশ্য হতে পারে। প্রথমটিই অধিক শুদ্ধ। সহীহ হাদীসে السَّفَرَةُ الكِرَامُ الْبَرَرَةُ এর তাফসীর ফেরেশতাদেরই উদ্দেশ্য নেয়া হয়েছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: ‘কেরাআতে বিশেষজ্ঞ কুরআন পাঠক সম্মানিত নেককার দূতদের (ফেরেশতাদের) সাথে থাকবে আর যে ব্যক্তি বিশেষজ্ঞ নয় কিন্তু কষ্টে সৃষ্টি পড়ে সে দ্বিগুণ সওয়াব পাবে।’ [বুখারী ৪৯৩৭, মুসলিম ৭৯৮] [ইবন কাসীর]

  16. كِرَامٍۭ بَرَرَةٍ

    যারা মহাসম্মানিত, পুণ্যবান।

    Bengali Translation - Rowwad Translation Center

    (যারা) মহাসম্মানিত ও নেককার।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  17. قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ

    মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!

    Bengali Translation - Rowwad Translation Center

    মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ [১]!

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এর অর্থ, সে কত বড় সত্য-অস্বীকারকারী। তাছাড়া এ আয়াতের আর একটি অর্থ হতে পারে। অর্থাৎ “কোন জিনিসটি তাকে সত্য অস্বীকার করতে উদ্ধুদ্ধ করেছে?” [তাবারী]

  18. مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ

    আল্লাহ তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?(৪)

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (৪) · Bengali Translation - Rowwad Translation Center

    (৪) অর্থাৎ আল্লাহ তাকে এমন কোন বস্তু দ্বারা সৃষ্টি করলেন, যে সে জমিনে অহংকার প্রদর্শন করবে এবং তাঁর সাথে কুফরী করবে?

    তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?

    Bengali Translation - Abu Bakr Zakaria

  19. مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

    তিনি তাকে তো সামান্য শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।

    Bengali Translation - Rowwad Translation Center

    শুক্রবিন্দু থেকে, তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] قدّره অর্থাৎ সুপরিমিত করেছেন, তার গঠন-প্রকৃতি, আকার-আকৃতি সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন। قدّره শব্দের এরূপ অৰ্থও হতে পারে যে, মানুষ যখন মাতৃগর্ভে সৃষ্টি হতে থাকে তখন আল্লাহ্ তা‘আলা তার কাজ, বয়স, রিযিক, ভাগ্য ইত্যাদি তকদীর নির্দিষ্ট করে দিয়েছেন। তাছাড়া পূর্ব থেকেই প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট করা আছে তার গায়ের রং কি হবে, সে কতটুকু উচুঁ হবে, তার দেহ কতটুকু কি পরিমাণ মোটা ও পরিপুষ্ট হবে। এত সব সত্ত্বেও সে তার রবের সাথে কুফরী করে। [দেখুন, কুরতুবী]

  20. ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

    তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।(৫)

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (৫) · Bengali Translation - Rowwad Translation Center

    (৫) অতঃপর তিনি এ সব পর্যায় পার করিয়ে তার জন্য নিজ মায়ের গর্ভ থেকে ভুমিষ্ঠ হওয়ার কাজ সহজ করেছেন। অথবা দুনিয়াতে তিনি ভালো-মন্দ পথ তার সামনে খুলে দিয়েছেন, ফলে তার জন্যে সে পথে চলা সহজ হয়েছে।

    তারপর তার জন্য পথ সহজ করে দেন [১];

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ আল্লাহ্ তা‘আলা স্বীয় ক্ষমতা-বলে মাতৃগর্ভে মানুষকে সৃষ্টি করেন। তারপর তিনিই তার অপার শক্তির মাধ্যমে মাতৃগৰ্ভ থেকে জীবিত ও পুর্ণাঙ্গ মানুষের বাইরে আসার পথ সহজ করে দেয়। ফলে দেহটি সহী-সালামতে বাইরে চলে আসে এবং মায়েরও এতে তেমন কোনো দৈহিক ক্ষতি হয় না। এছাড়া আয়াতের আরেকটি অর্থ হচ্ছে, দুনিয়ায় সে নিজের জন্য ভালো বা মন্দ, কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতা আনুগত্য বা অবাধ্যতার মধ্যে সে কোনো পথ চায় তার সামনে তিনি তা খুলে রেখে দিয়েছেন এবং পথ তার জন্য সহজ করে দিয়েছেন। ফলে সে শুকরিয়া আদায় করে সৎপথ গ্রহণ করতে পারে, আবার কুফরী করে বিপথে যেতে পারে। [দেখুন, ইবন কাসীর]

  21. ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ

    তারপর তিনিই তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।

    Bengali Translation - Rowwad Translation Center

    এরপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  22. ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

    অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুত্থিত করবেন।

    Bengali Translation - Rowwad Translation Center

    এরপর যখন ইচ্ছে তিনি তাকে পুনর্জীবিত করবেন [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ্ তা‘আলাই মানুষকে পুনরুজ্জীবিত করবেন। একমাত্র তিনিই এগুলো করার ক্ষমতা রাখেন। তারপরও মানুষ তাঁকে অস্বীকার করে, তাঁর হক আদায় করে না। [সা‘দী] আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুই ফুৎকারের মধ্যবর্তী সময় হবে চল্লিশ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহুর সাথীরা বলল, চল্লিশ দিন? আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, আমি এটা বলতে অস্বীকার করছি, তারা বলল, চল্লিশ বছর? তিনি বললেন, আমি এটা বলতেও অস্বীকার করছি। তারা বলল, তাহলে কি চল্লিশ মাস? তিনি বললেন, আমি এটাও বলতে অস্বীকার করছি। তবে মানুষের সবকিছু পঁচে যায় একমাত্র মেরুদণ্ডের নিম্নভাগের একটি ছোট্ট কোষ ব্যতীত। তার উপরই আবার সৃষ্টি জড়ো হবে।” [বুখারী ৪৮১৪, মুসলিম ২৯৫৫]

  23. كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ

    কখনোই নয়! আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন, সে এখনো তা পালন করেনি।

    Bengali Translation - Rowwad Translation Center

    কখনো নয়, তিনি তাকে যা আদেশ করেছেন, সে এখনো তা পূর্ণ করেনি।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  24. فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

    কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (১) · Bengali Translation - Rowwad Translation Center

    (১) সে কীভাবে খাদ্য উপার্জন করলো?!

    অতঃপর মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে [১] !

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] মানবসৃষ্টির সূচনা উল্লেখ করার পর মানুষ যে খাদ্যের নেয়ামত ভোগ করে, এখানে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ খাদ্য সম্পর্কে তার একবার চিন্তা করা প্রয়োজন – কিভাবে এই খাদ্য উৎপন্ন হয়। আল্লাহ্ যদি এর উপকরণগুলো সরবরাহ না করতেন তাহলে কি জমি থেকে এই খাদ্য উৎপন্ন করার ক্ষমতা মানুষের ছিল? এসব নেয়ামতসমূহ তিনি মানুষকে দিয়েছেন যাতে মানুষ কিয়ামতের প্রস্তুতির জন্য এর সাহায্যে আল্লাহ্র ইবাদত করে। [কুরতুবী]

  25. أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا

    নিশ্চয় আমি মুষলধারে বৃষ্টির পানি বর্ষণ করি।

    Bengali Translation - Rowwad Translation Center

    নিশ্চয় আমরা প্রচুর বারি বর্ষণ করি,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  26. ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا

    তারপর আমি জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি।

    Bengali Translation - Rowwad Translation Center

    তারপর আমরা যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি;

    Bengali Translation - Abu Bakr Zakaria

  27. فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا

    অতঃপর তাতে আমি শস্য উৎপন্ন করি,

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর তাতে আমরা উৎপন্ন করি শস্য;

    Bengali Translation - Abu Bakr Zakaria

  28. وَعِنَبًا وَقَضْبًا

    আঙ্গুর ও শাক-সবজি,

    Bengali Translation - Rowwad Translation Center

    আঙ্গুর, শাক-সব্জি,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  29. وَزَيْتُونًا وَنَخْلًا

    যায়তূন ও খেজুর,

    Bengali Translation - Rowwad Translation Center

    যায়তূন, খেজুরগাছ,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  30. وَحَدَآئِقَ غُلْبًا

    ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যানসমূহ।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনেক গাছবিশিষ্ট উদ্যান,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  31. وَفَـٰكِهَةً وَأَبًّا

    (আরো উৎপন্ন করলাম) ফলমূল ও পশুখাদ্য (তৃণগুল্ম।)।

    Bengali Translation - Rowwad Translation Center

    ফল এবং গবাদি খাদ্য [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] أبّ শব্দটির উপরোক্ত অর্থ ইবন আব্বাস ও উমর রাদিয়াল্লাহু ‘আনহুম থেকে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। [সহীহ ইবন খুযাইমাহ ২১৭২]

  32. مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ

    এগুলো তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।

    Bengali Translation - Rowwad Translation Center

    এগুলো তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের ভোগের জন্য [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ কেবল তোমাদের জন্যই নয়, তোমাদের যেসব গবাদি-গৃহপালিত পশু রয়েছে, তাদের জন্যও। এসব নেয়ামতের দিকে দৃষ্টিপাত করলে মহান আল্লাহর ইবাদত, তার প্রতি শুকরিয়া আদায় করা ও তার নির্দেশাবলি মেনে চলার প্রয়োজনীয়তা ফুটে ওঠে।

  33. فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

    অতঃপর যখন বিকট আওয়াজ (দ্বিতীয় শিঙ্গাধ্বনি) আসবে,

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর যখন তীক্ষ্ন আওয়াজ আসবে [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] আয়াতে বর্ণিত الصاخة শব্দটির মূল অর্থ হলো, ‘এমন কঠোর ডাক যার ফলে মানুষ শ্রবণশক্তি হারিয়ে ফেলে।’ এখানে কিয়ামতের দ্বিতীয় শিংগাধ্বনির কথা বলা হয়েছে যা পুনরুত্থানের শিঙ্গায় ফুঁক দেয়া বোঝায়। এই বিকট আওয়ায বুলন্দ হওয়ার সাথে সাথেই মৃত মানুষেরা জীবিত হয়ে উঠবে এবং কেয়ামতের মাঠে উপস্থিত হবে। [মুয়াসসার, জালালাইন]

  34. يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

    সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে,

    Bengali Translation - Rowwad Translation Center

    সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে

    Bengali Translation - Abu Bakr Zakaria

  35. وَأُمِّهِۦ وَأَبِيهِ

    এবং তার মা ও তার বাবা থেকে,

    Bengali Translation - Rowwad Translation Center

    এবং তার মাতা, তার পিতা,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  36. وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ

    তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।

    Bengali Translation - Rowwad Translation Center

    তার পত্নী ও তার সন্তান থেকে [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এখানে হাশরের ময়দানে সমাবেশের দিন বোঝানো হয়েছে, সেদিন প্রত্যেক মানুষ আপন চিন্তায় বিভোর হবে। সেদিন মানুষ তার অতি-নিকটাত্মীয়কে দেখলেও মুখ লুকাবে এবং পালিয়ে বেড়াবে। [ইবন কাসীর] প্ৰায় এই একই ধরনের বিষয়বস্তু বর্ণিত হয়েছে সূরা মা‘আরিজের ১০ থেকে ১৪ পর্যন্ত আয়াতে।

  37. لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

    সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে সম্পূর্ণরূপে নিজেকে নিয়ে ব্যস্ত করে রাখবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] কাতাদাহ রাহিমাহুল্লাহ বলেন, প্ৰত্যেক মানুষ তার ভ্রাতার কাছ থেকে এবং পিতা মাতা স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে সেদিন মুখ লুকিয়ে ফিরবে। দুনিয়াতে পারস্পরিক সাহায্য ও সহযোগিতা ভ্রাতাদের মধ্যে হয়। এর চেয়ে বেশী পিতা-মাতাকে সাহায্য করার চিন্তা করা হয় এবং স্বভাবগত কারণে এর চেয়েও বেশী স্ত্রী এবং সন্তানদের সাথে সম্পর্ক স্থাপিত হয়। আয়াতে নীচ থেকে উপরের সম্পর্ক যথাক্রমে উল্লেখ করা হয়েছে। [দেখুন, ইবন কাসীর] হাদীসে বলা হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন সমস্ত মানুষ একেবারেই উলংগ হয়ে উঠবে। একথা শুনে তার পবিত্র স্ত্রীদের মধ্য থেকে কোনো একজন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল! আমাদের লজ্জাস্থান কি সেদিন সবার সামনে খোলা থাকবে? জবাবে রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করে বলেন, সেদিন অন্যের দিকে তাকানোর মতো হুঁশ ও চেতনা কারো থাকবে না।” [নাসাঈ ২০৮৩, তিরমিয়ী ৩৩৩২, ইবন মাজাহ ৪২৭৬, মুসনাদে আহমাদ ৬/৮৯]

  38. وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ

    সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  39. ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ

    (আল্লাহর প্রস্তুতকৃত নি‘আমত দেখে) তারা সহাস্য, প্রফুল্ল থাকবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    সহাস্য ও প্রফুল্ল,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  40. وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

    আর সেদিন কিছু কিছু চেহারা হবে ধূলায় ধূসরিত।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর

    Bengali Translation - Abu Bakr Zakaria

  41. تَرْهَقُهَا قَتَرَةٌ

    কালিমা-মলিনতায় সেগুলোকে আচ্ছন্ন করবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  42. أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ

    তারাই কাফির, পাপাচারী।

    Bengali Translation - Rowwad Translation Center

    এরাই কাফির ও পাপাচারী।

    Bengali Translation - Abu Bakr Zakaria